ইয়েমেনে চলমান সংঘাতে চরম স্বাস্থ্য সংকটে নারীরা
ইয়েমেনে চলমান সংঘাত ও সামরিক উত্তেজনার মধ্যে দেশটির স্বাস্থ্য খাতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। এই সংকটের সবচেয়ে বড় শিকার হচ্ছেন দেশটির নারীরা। বিশেষ করে ইয়েমেনের তায়েজ শহরের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।
আজ রোববার (২৯ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এই মানবিক বিপর্যয়ের চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, তায়েজের আল-মুজাফফর হাসপাতাল বর্তমানে রোগীদের চাপে হিমশিম খাচ্ছে। আগে এখানকার বেশির ভাগ সরকারি হাসপাতাল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে সহায়তা পেত। কিন্তু প্রায় এক মাস ধরে হাসপাতালগুলো কোনো সরকারি বা আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে না।
সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ রোগীদের ওপর। এখন সাধারণ রোগ থেকে শুরু করে জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসার পুরো খরচ রোগীদের নিজেদেরই বহন করতে হচ্ছে।
ভয়াবহ অর্থনৈতিক মন্দার কারণে ইয়েমেনের হাজার হাজার নারী প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছে না। তারা চরম আর্থিক ও শারীরিক দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।
হাসপাতালের প্রসূতি বিভাগেও চরম উদ্বেগ দেখা দিয়েছে। চলমান অবরোধ, সংঘাত এবং সামরিক তৎপরতার কারণে হাজার হাজার গর্ভবতী ও প্রসূতি নারী জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাসপাতালের চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, বর্তমানে সেখানে স্যালাইন বা মেডিকেল ফ্লুইড, প্রয়োজনীয় ওষুধ এবং অস্ত্রোপচারের সরঞ্জামের তীব্র অভাব রয়েছে। সংকট এতটাই তীব্র যে, যেকোনো অস্ত্রোপচার করার জন্য ন্যূনতম যে ওষুধের প্রয়োজন হয়, তা-ও সরবরাহ করতে পারছেন না তারা।

এনটিভি অনলাইন ডেস্ক