মোংলায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু
বাগেরহাটের মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইফা আক্তার নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রচণ্ড জ্বর ও ডেঙ্গু উপসর্গ নিয়ে গতকাল শনিবার (১৮ জুলাই) দুপুরে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক পরীক্ষায় শিশুটির ডেঙ্গু শনাক্ত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ইফা আক্তার মোংলা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের মেয়ে। শনিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরে শিশুটি মারা যায়।
শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন বলেন, রোববার সকালে নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে মোংলায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে এবং গড়ে প্রতিদিন ৩ থেকে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন।

আবু হোসাইন সুমন, মোংলা