কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সোহেল বরিশাল জেলার বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ভারগাঁও নন্দীপুর এলাকার মো. আলীর বাড়িতে কবুতর চুরি করার সময় বাড়ির মালিক বিষয়টি টের পান। এ সময় তিনি চোর চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে সোহেলকে আটক করেন। পরে তাকে পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি, তবে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)