আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা
পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন আব্দুস শুকুর। রাত ১২টা পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজনের মনে সন্দেহের দানা বাঁধে। এরপর স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনদের বাড়িতে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা