কাশিমপুর কারাগার থেকে পালালেন নারী বন্দি
গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত কাশিমপুর ‘মহিলা কেন্দ্রীয় কারাগার’ থেকে রিম্পা (২১) নামের সাজাপ্রাপ্ত এক নারী বন্দি পালিয়ে গেছেন। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার একটি ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি এই কারাগারে বন্দি ছিলেন।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহিলা কারাগার থেকে বন্দি পালিয়ে যাওয়ার এই ঘটনায় কারা কর্তৃপক্ষ আজ শুক্রবার (১৭ জুলাই) থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
কারাগারের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দৈনিক বন্দি গণনার সময় রিম্পার হিসাব না মেলায় কারা কর্তৃপক্ষের টনক নড়ে। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার হদিস না পাওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে বা তথ্য দিতে রাজি হননি।

নাসির আহমেদ, গাজীপুর