স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) ভবনের ছাদে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি গুরুতর অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় গতকাল সোমবার (১৩ জুলাই) শিশুটির মা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এতে কুলতিয়া পশ্চিমপাড়া গ্রামের আহসান উল্লাহকে (১৬) একমাত্র আসামি করা হয়েছে।
শিশুটির পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, প্রতিবেশী কিশোর আহসান উল্লাহ রোববার বিকেলে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জনৈক রফিকুলের একতলা ভবনের ছাদে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে শিশুটির কান্নাকাটি ও রক্তক্ষরণ দেখে তার চাচী এগিয়ে এলে অভিযুক্ত আহসান পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটির শরীরে চারটি সেলাই দিতে হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, শিশুর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’। সংস্থাটির নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম বলেন, পরিবারটিকে আইনি ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তিনি এই জঘন্য অপরাধের সাথে জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আনিছুর রহমান, সাতক্ষীরা (সদর-কলারোয়া-তালা-ভোমরা স্থলবন্দর)