টানা বর্ষণে সাতক্ষীরায় ফসলের ক্ষতির আশঙ্কা
টানা দুই দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। অবিরাম বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের পরিবারগুলো।
গত বৃহস্পতিবার ও শুক্রবার (২০ নভেম্বর) টানা দুই দিন বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারেনি। অন্যদিকে মাঠে থাকা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
বিশেষ করে কৃষিনির্ভর এলাকার কৃষকরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। টানা বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে থাকায় আমন ধানের গাছ নুয়ে পড়া, ধানের শিষ নষ্ট হওয়া এবং পাকা ধানে পচন ধরার আশঙ্কা করছেন তারা। পাশাপাশি শীতকালীন আগাম সবজি ও অন্যান্য ফসলের জমিতেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, অনেক কষ্ট ও ঋণ করে আমন ধানের আবাদ করেছেন তারা। এখন ধান ঘরে তোলার স্বপ্ন দেখলেও টানা বৃষ্টিতে সেই স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে।
কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের আলমগীর হোসেন নামে এক কৃষক বলেন, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ করেছি। এখন জমিতে পানি জমে আছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধানের ব্যাপক ক্ষতি হবে। আমাদের মতো প্রান্তিক কৃষকদের লোকসান সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
কামারালী গ্রামের কৃষক হযরত আলী বলেন, ধান পাকার সময় এমন বৃষ্টি তাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির কারণে মাঠে কাজ করা যাচ্ছে না, ধানের পরিচর্যাও ব্যাহত হচ্ছে। দ্রুত পানি না নামলে ফলন অনেক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া কোনো কোনো জমিতে কাটা ধান পড়ে আছে। সেসব জমিতে পানি জমে থাকায় কাটা ধান থেকে নতুন চারা গজানোর আশঙ্কা দেখা দিয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকেরা।
এদিকে বৃষ্টির কারণে দিনমজুর ও শ্রমজীবী মানুষের আয়-রোজগারও বন্ধ হয়ে গেছে। প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভরশীল এসব মানুষ কাজের সন্ধানে বের হতে না পেরে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। কাঁচা রাস্তা ও চলাচলের পথ কর্দমাক্ত হয়ে পড়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাতেও বিঘ্ন ঘটছে।
কলারোয়া বাজারের ফারুক হোসেন নামে এক ভ্যানচালক বলেন, প্রত্যেকদিন কলারোয়া বাজারে ভ্যান চালিয়ে ৫০০ থেকে ৬০০ টাকা রোজগার করি। কিন্তু গত দুইদিন টানা বর্ষণের মধ্যেও বাজারে ভ্যান চালিয়ে ২০০ টাকাও আয় করতে পারিনি। এভাবে যদি আরও দু-এক দিন থাকে, তাহলে সংসার চালাতে কষ্টকর হয়ে পড়বে।
এ বিষয়ে কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে যেসব জমিতে পানি জমে আছে, সেসব জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। কৃষকদের জমির অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। ধানগাছ হেলে পড়লে প্রয়োজনীয় পরিচর্যা এবং রোগবালাই দেখা দিলে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি বিবেচনায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

আনিছুর রহমান, সাতক্ষীরা (সদর-কলারোয়া-তালা-ভোমরা স্থলবন্দর)