অজ্ঞান পার্টির খপ্পরে দুই এইচএসসি পরীক্ষার্থী
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্রের খপ্পরে পড়ে স্বর্ণালংকার ও পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়েছেন দুই পরীক্ষার্থী। এই ঘটনার জেরে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি ওই দুই শিক্ষার্থী।
ভুক্তভোগীরা হলেন- জান্নাতুল নাঈমা (১৯) ও প্রাহিমা আক্তার শশী (১৯)। তারা দুজনেই নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী এবং তাদের পরীক্ষা কেন্দ্র ছিল সোনাপুর কলেজ।
গতকাল শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনের সড়কে এই ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, নাঈমা ও প্রাহিমা একই এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বান্ধবী। শনিবার সকালে তারা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে সোনাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি মেহরান ডাইন রেস্তোরাঁর সামনে পৌঁছালে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের অচেতন করে ফেলে। পরে তাদের শরীরে থাকা স্বর্ণালংকার এবং সঙ্গে থাকা পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র লুটে নিয়ে পালিয়ে যায়। এরপর সিএনজিচালকও দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। বর্তমানে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের স্বজনরা এখনও আনুষ্ঠানিকভাবে পুলিশকে বিষয়টি জানায়নি। তবে আমরা ইতোমধ্যে ঘটনার খোঁজখবর নিচ্ছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী