তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বোনজামাই মো. মামুন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়াইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় এবং পরে উভয় পক্ষ নিজ নিজ ঘরে চলে যায়।
এরপর রাত ১০টার দিকে মনা তার বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবারও আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তার হাতাহাতি হয়। স্থানীয় লোকজন সে সময় তাদের নিবৃত্ত করে ঘরে পাঠিয়ে দিলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে।
পুলিশ জানায়, বিষয়টি আবুল কাশেমের আরেক ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে এসে ছুরি নিয়ে তার ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে বুলুর বসতঘরের সামনে যান। ওই সময় বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মনা। আরমান ও ফুয়াদ অতর্কিত তার ওপর হামলা চালিয়ে বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে যান বোনজামাই মামুন। হামলাকারীরা তাকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।
পরবর্তী সময়ে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এদিকে মনার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন অভিযুক্ত আবুল কাশেমের বসতঘরে হামলা চালান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় দুজনকে আটক করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাসুদ পারভেজ, নোয়াখালী