রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মো. জয়নাল (৬০) নামের এক কাপড় ব্যবসায়ীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যাত্রাবাড়ী এলাকায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায় জয়নালকে। তিনি মাধবদী উপজেলার চর দিঘলদী গ্রামের মৃত সোবাহান মিয়ার ছেলে।
জয়নালের ভাগ্নে আলী হোসেন জানান, খবর পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে বিকেলের দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো জানান, জয়নালের জ্ঞান এখনো ফেরেনি। তার কাছে কী পরিমাণ টাকা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, অসুস্থ ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক