বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ ল্যাপ-তোশকে মোড়ানো
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করে মরদেহ ল্যাপ-তোশকে মোড়িয়ে সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় বসবাস করতেন এবং মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। দীর্ঘসময় সন্ধান না পেয়ে স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে ল্যাপ-তোশকে মোড়ানো একটি সন্দেহভাজন বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোতালেবের মরদেহ উদ্ধার করে।
ফতুল্লা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবারই তাকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তাকে শ্বাসরোধ করার পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দিয়ে নির্যাতন করার আলামত পাওয়া গেছে। ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত চলছে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)