ভাইস চেয়ারম্যান রোজা আলীকে এনটিভি পরিবারের ফুলেল শুভেচ্ছা
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ভাইস-চেয়ারম্যান রোজা আলী রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অফিস করেছেন। রোজা আলীর আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানান এনটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
আজ রোববার (২৮ জুন) সকালে এনটিভির প্রধান কার্যালয়ে আসেন প্রতিষ্ঠানের নবনিযুক্ত ভাইস-চেয়ারম্যান রোজা আলী। এসময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মানবসম্পদ, অনুষ্ঠান বিভাগ, মার্কেটিং, অ্যাকাউন্টিং, অনলাইন বিভাগ, বার্তা বিভাগ, আইটি, ব্রডকাস্ট, গ্রাফিক্স বিভাগসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।
নবনিযুক্ত ভাইস-চেয়ারম্যানের প্রথম কর্মদিবসে কেক কেটে মুহূর্তটি উদযাপন করেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নূর উদ্দিন আহমেদ। পরে ভাইস-চেয়ারম্যান হিসেবে রোজা আলীকে পরিচয় করিয়ে দেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী।
২৩ বছর পেরিয়ে এনটিভি যখন ২৪ বছরে পর্দাপণ করছে, তার আগে রোজা আলী এনটিভির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রতিষ্ঠানটিতে কর্মচাঞ্চল্য বাড়বে বলে প্রত্যাশা করছেন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক