বিশ্বজুড়ে এনটিভির সাফল্যের পেছনে দর্শকের অবিচল ভালোবাসা : রোজা আলী
দর্শকের অবিচল ভালোবাসাতেই বাংলাদেশসহ বিশ্বজুড়ে এনটিভির আজকের এই সাফল্য বলে মন্তব্য করেছেন এনটিভির ভাইস চেয়ারম্যান রোজা আলী।
এনটিভির জন্মদিন আজ ৩ জুলাই। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন জানিয়ে রোজা আলী বলেন, বাংলাদেশসহ বিশ্বজুড়ে আমাদের যে সাফল্য, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। দর্শকের অবিচল ভালোবাসা এবং পুরো টিমের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই ধারা বজায় রাখা অসম্ভব ছিল।
শৈশব থেকে এনটিভিকে দেখে আসা এবং নিজের বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তাকে আকাশচুম্বী হতে দেখাটা সত্যিই এক পরম সৌভাগ্যের বিষয় উল্লেখ করে রোজা আলী বলেন, আজ সবার সঙ্গে এই আনন্দের অংশীদার হতে পারার চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। এনটিভি দুই দশকের অধিক সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদের নির্ভরযোগ্য উৎস এবং প্রাণবন্ত বিনোদনের এক অনন্য মাধ্যম হিসেবে আমাদের পাশে রয়েছে।
এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর একাগ্রতা ও দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে রোজা আলী বলেন, আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, প্রতিকূল এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও এনটিভি যেভাবে নিজের গৌরব ধরে রেখেছে, তা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের দূরদর্শী নেতৃত্বের এক বাস্তব প্রতিফলন, যা আমি নিজে কাছ থেকে দেখেছি।
বাংলাদেশের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকার জন্য এনটিভিকে অজস্র ধন্যবাদ জানান ভাইস চেয়ারম্যান রোজা আলী।

নিজস্ব প্রতিবেদক