আশেক মাহমুদ কলেজ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ‘চিরকুমার সংঘে’র
সরকারি আশেক মাহমুদ কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল বার্সেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘চিরকুমার সংঘ’ নামে একটি সংগঠন।
এ উপলক্ষে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা করেন সংগঠনটির সদস্যরা। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে কলেজের শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে কৌতূহল তৈরি হয়।
আজ দুপুরে সংগঠনটির সদস্যরা ব্যানার নিয়ে শোভাযাত্রা নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। এ সময় অধ্যক্ষের সফলতা এবং কলেজের সার্বিক উন্নতি কামনা করেন সংগঠনের সদস্যরা।
শোভাযাত্রায় সংগঠনটির ব্যানারে নিজেদের ‘প্রেম ও বিবাহ-আসক্তিমুক্ত, চিরতরুণ ও সচ্চরিত্র’ ব্যক্তিদের সংগঠন হিসেবে তুলে ধরা হয়। এ সময় সংগঠনটির নতুন সদস্য সংগ্রহ ক্রর্যক্রম চলছে বলেও জানানো হয়।
সংগঠনের উদ্যোক্তা সারোয়ার হোসেন বলেন, আমরা একটু ব্যতিক্রমীভাবে মানুষের সামনে নিজেদের সংগঠনের কথা তুলে ধরতে চাই। নতুন প্রজন্মের মধ্যে ইতিবাচক চিন্তা, বন্ধুত্ব ও সামাজিক মূল্যবোধের চর্চা বাড়ানোই আমাদের অন্যতম লক্ষ্য। যারা আমাদের চিন্তা ও কার্যক্রমের সঙ্গে একমত, তাদের সবাইকে সংগঠনে যোগ দেওয়ার আহ্বান জানাই।
আরেক উদ্যোক্তা শাহরিয়ার বায়েজিদ বলেন, চিরকুমার সংঘকে আমরা আনন্দ ও বন্ধুত্বের জায়গা হিসেবে গড়ে তুলতে চাই। নতুন সদস্য সংগ্রহ চলছে। যারা আগ্রহী, তারা দলে দলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ভবিষ্যতে সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমে সংগঠনের সদস্যদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময়কে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসুক শিক্ষার্থীদের উপস্থিতিও দেখা যায়।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)