রাউজানে যুবদলনেতাকে গুলি করে হত্যা
মাসুদ চৌধুরী। ফাইল ছবি
চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী বাজারে ঘটনাটি ঘটে।
নিহত মাসুদ চৌধুরী উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়া যুবদলের সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজারে অবস্থান করছিলেন মাসুদ চৌধুরী। এ সময় দুর্বৃত্তরা প্রকাশ্যেই তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টার দিকে মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)