চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল যুবকের
জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনায় মনোয়ার হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহ শনিবার (৬ জুন) সকালে পৌর শহরের গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ার হোসেন উপজেলার সদর ইউনিয়নের গামারিয়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং দুদু মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন ত্যাগ করে। স্টেশন সংলগ্ন গাবতলী এলাকায় পৌঁছালে মনোয়ার হোসেন চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং তিনি ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ওঠার সময় অসাবধানতাবশত ওই যুবক ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)