তিন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে
রাজধানীর বিভিন্ন থানার পৃথক তিন মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৮ মে) ঢাকার পৃথক তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তারা সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে হাজির করে রাজধানীর ভাটারা থানা, পল্টন মডেল থানা ও বংশাল থানার পৃথক তিন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরমধ্যে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিমান তরফদার, বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) জ্যোতির্ময় মন্ডল এই আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
দীপঙ্কর তালুকদারের আইনজীবী মিজান মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেন, হাইকোর্ট থেকে তিনি পাঁচটি মামলায় জামিন পেয়েছেন। গত ১৩ মে তার জামিননামা দাখিল করা হয়। তিনি যখন কারামুক্ত হবেন, তখন তাকে তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। গ্রেপ্তার না দেখানোর বিষয়ে শুনানি করেছিলাম। আদালত সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এজন্য তার কারামুক্তি হচ্ছে না।
দীপংকর তালুকদার পার্বত্য রাঙামাটি আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। গত বছরের ১০ ফেব্রুয়ারি তাকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করা হয়।

আদালত প্রতিবেদক