দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৪
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৩ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ছদাহা ইউনিয়নের সিন্দিপ্প্যা পাড়া পাহাড়ি এলাকায় স্থানীয়দের সহায়তায় এই রুদ্ধশ্বাস অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন- মো. ছৈয়দ (১৫), মো. রাকিব (২০), মো. মানিক ইসলাম (২০) ও আব্দুর রহিম (১৮)। তারা সাতকানিয়া উপজেলার ছদাহা ও বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছদাহা কে.কে উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম ও নবম শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থীকে বুধবার দুপুরে ফুসলিয়ে সিন্দিপ্প্যা পাড়ার পাহাড়ি অঞ্চলের শহীদুলের নাল এলাকায় নিয়ে যায় একদল যুবক। সেখানে সাতজন মিলে তাদের ওপর পাশবিক নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হলে সন্ধ্যায় খবর পায় সাতকানিয়া থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি বিশাল দল দুর্গম পাহাড়ে অভিযানে নামে। কয়েক ঘণ্টার অভিযানে অভিযুক্ত চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী দুই কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম