জাল সিল-স্বাক্ষরে ভবন নকশা, কথিত ইঞ্জিনিয়ার গ্রেপ্তার
ফেনী পৌরসভাসহ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ চার বছর ধরে স্থপতি ও ডিজাইনারদের নাম, সিল ও স্বাক্ষর জাল করে ভবনের নকশা তৈরির অভিযোগে আবদুর রহিম নামে এক কথিত সিভিল ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৫ মে) দুপুরে তাকে গ্রেপ্তারের পর বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আবদুর রহিম ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জামান অ্যান্ড রহিম প্লাজায় অবস্থিত ‘ইউনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট’ নামক প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার। এ ঘটনায় ফেনী পৌরসভার সার্ভেয়ার মোহাম্মদ আবুল কাশেম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৫ মার্চ বারাহিপুর এলাকার হাছিনা আক্তার ও বিরিঞ্চি এলাকার মো. বাহার মিয়া ভবন নির্মাণের জন্য ফেনী পৌরসভায় দুটি নকশা জমা দেন। ওই নকশাগুলোতে স্থপতি মাহমুদ হাসান রিয়াজ ও ডিজাইনার মো. আহসান হাবিবের সিল ও স্বাক্ষর ছিল। নকশাগুলো পর্যালোচনার সময় সন্দেহ তৈরি হলে সার্ভেয়ার আবুল কাশেম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
পরবর্তীতে পৌরসভার অনুমতিক্রমে সোমবার সন্ধ্যায় আবদুর রহিমকে তলব করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে, আর্কিটেক্ট ও ডিজাইনারদের পারিশ্রমিক না দিয়ে পুরো অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে তিনি নিজেই অন্যের সিল ও স্বাক্ষর জাল করে নকশা তৈরি করতেন।
এর আগে, স্থপতি মাহমুদ হাসান রিয়াজ পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে জানান যে, তিনি গত চার বছর ধরে ফেনী পৌরসভায় কোনো নকশা অনুমোদনের জন্য স্বাক্ষর করেননি বা কোনো নকশা জমা দেননি। মূলত এই অভিযোগ এবং পরবর্তী তদন্তের ভিত্তিতেই জালিয়াতির এই চাঞ্চল্যকর বিষয়টি প্রকাশ্যে আসে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফজলুল আজিম বলেন, স্বাক্ষর ও নাম জাল করে ভবন নির্মাণের নকশা তৈরির অভিযোগে তাকে গ্রেপ্তার করে হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী