রাজধানীতে চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ রোডে বাসা থেকে এ বি এম আবিদ হাসান জিসান (২৬) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) এ ঘটনা ঘটে।
আবিদ হাসানের সহকর্মী হাফিজুর জানান, জিসান ২০১৮-১৯ শিক্ষার্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে পপুলারে চাকরি করছিলেন। কয়েকজনের সঙ্গে হাবিবুল্লাহ রোডের একটি বাসায় থাকতেন তিনি। তার রুমমেট দীপ্ত সিংহ দুপুরে বাসায় ফিরে তাকে অস্বাভাবিক অবস্থায় বিছানায় দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে, দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আবিদ হাসানের রুমমেট দীপ্ত সিংহ বলেন, সকালে রুম থেকে বের হওয়ার সময়ে দেখছিলাম, জিসান তার বাড়িতে স্বজনের কথা বলছিল। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। তার বাবার নাম আহসান হাবিব।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক