কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড মাইকেল মধুসূদন দত্তের মধুপল্লী
মৌসুমের প্রথম ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাঁড়ির বাড়ি ও সংলগ্ন পর্যটন কেন্দ্র। ঝড়ের প্রচণ্ড দাপটে উপড়ে পড়েছে ক্যাম্পাসের বিশালাকার গাছপালা, ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি এবং ছিঁড়ে গেছে সঞ্চালন লাইনের তার। এতে পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পর্যটন কেন্দ্রের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল শনিবার (২ মে) দুপুরে হঠাৎ শুরু হওয়া এই শক্তিশালী ঝড়ে যশোর কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকার ওপর দিয়ে ব্যাপক তাণ্ডব বয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের গতিবেগ এতই বেশি ছিল, মধুসূদন একাডেমি ও বাড়ির আঙিনায় থাকা বেশ কিছু পুরনো এবং মূল্যবান গাছ উপড়ে পড়ে। ঝড়ের সময় ক্যাম্পাসের ভেতরে থাকা বৈদ্যুতিক খুঁটি ও তারের ওপর গাছ আছড়ে পড়ায় পুরো এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
এছাড়া ক্যাম্পাসের ছায়া সুনিবিড় পরিবেশের বেশ কয়েকটি বড় গাছ শিকড়সহ উপড়ে পড়েছে এবং অনেক গাছের ডালপালা ভেঙে ভবন ও সীমানা প্রাচীরের ওপর পড়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়া ও তার ছিঁড়ে পড়ায় সাগরদাঁড়ি পর্যটন কেন্দ্রসহ পার্শ্ববর্তী এলাকাগুলো বর্তমানে অন্ধকারে রয়েছে। বিদ্যুতের মেইন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সংযোগ মেরামতে সময় লাগতে পারে। ঝড়ের ঝাপটায় ক্যাম্পাসের ভেতরের বিভিন্ন নির্দেশিকা বোর্ড, টিনের চালা এবং অস্থায়ী সাইটগুলো দুমড়েমুচড়ে গেছে।
ঝড় থামার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করেছে। রাস্তায় পড়ে থাকা গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
কালবৈশাখীর ক্ষয়ক্ষতি বিষয়ে মধুপল্লীর কাস্টোডিয়ানের হাসানুজ্জামান বলেন, আকস্মিক কালবৈশাখী ঝড়ে মহাকবির মধুপল্লী ও সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রচণ্ড গতিবেগে মধুপল্লী ক্যাম্পাসের ভেতরে থাকা বেশ কিছু মূল্যবান ও বড় গাছ উপড়ে পড়েছে।
হাসানুজ্জামান আরও বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা। মহাকবির এই স্মৃতিবিজড়িত স্থানটি দ্রুত সংস্কার করে দর্শনার্থীদের জন্য স্বাভাবিক করে তুলতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সংস্কার কাজ চলাকালীন ক্যাম্পাসে চলাচলের সময় সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)