আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোল বন্দরে শ্রমিক বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল স্থলবন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহিদ আলীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে ‘আপা আপা করিস না, শেখের বেটি আর আসবে না’, ‘স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে বক্তব্য দেন বন্দর হ্যান্ডলিং শ্রমিক নেতা তবিবুর রহমান, মাকসুদুর রহমান রিন্টু, লিটন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার ঘোষণা দিয়েছেন। বেনাপোল দিয়ে আসার চেষ্টা করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। রাজধানী ঢাকা, গোপালগঞ্জ ও পাবনাসহ বিভিন্ন জেলায় পরাজিত শক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং গার্মেন্টস শ্রমিকদের উসকে দিচ্ছে। কঠোর হস্তে তাদের দমন করা হবে।
তারা আরও বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বন্দর শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। সমাবেশে অংশ নেন বন্দরের হাজারো শ্রমিক।

মহসিন মিলন, বেনাপোল