সাবেক প্রতিমন্ত্রী, এমপিসহ ১০০ নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
রাতের আঁধারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক প্রতিমন্ত্রী ও পাঁচ সংসদ সদস্যসহ নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। এ মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা করেন।
মামলার আসামিদের মধ্যে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াকুব আলী, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, সাবেক সংসদ সদস্য রণজিত রায়ের ছেলে রাজীব রায়, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছেলে শুভ ভট্টাচার্যের নাম রয়েছে।
মামলার বাদী এসআই আশরাফ উদ্দিন এজাহারে উল্লেখ করেছেন, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত গেজেটের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যশোর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে আজিজ সিটি রোডে একত্রিত হয়। এ সময় তারা ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী সরকারবিরোধী নানা ধরনের স্লোগান দেয়। সংবাদ পেয়ে তিনি সেখানে গেলে আসামিরা পালিয়ে যায়। আসামিদের মধ্যে প্রথম ১৩ জন সংগঠনের গডফাদার ও অর্থ জোগানদাতা। বাকি ২৭ জন সংগঠনের সদস্য, তারা সন্ত্রাসী এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ায়। তারা এখনও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছে। সন্ত্রাসবিরোধী আইনের ধারা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
যুবলীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল করার অপরাধে গত ২৯ ও ৩০ এপ্রিল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাইফুল ইসলাম সজল, যশোর