ফের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে ফের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এই আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক( এসআই) শাহ আলম এ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ঢাকার সিএমএম আদালতে আজ আসামিকে হাজির করে ফের সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার। এর আগে, একই মামলায় দুই দফায় ৯ দিন রিমান্ডে নেওয়া হয়।
নথি থেকে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সব সহযোগী অঙ্গ সংগঠনের সদস্যরা গেল বছরের ১২ সেপ্টেম্বর বেলা পৌনে তিনটার দিকে রমনা থানার রুপায়ন টাওয়ারের সামনে মিছিল করে। সরকারবিরোধী বিভিন্ন প্রকার শ্লোগান দিয়ে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করছিল। পরে সোয়া তিনটায় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে কয়েকজনকে সেখান থেকে আটক করা হয়।
এ ঘটনায় ওই দিনই রমনা মডেল থানায় সন্ত্রাসী বিরোধ আইনে মামলা করেন উপ-পরিদর্শক( এসআই) আওলাদ হোসেন।

আদালত প্রতিবেদক