শ্রীনগরে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ
মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা প্রকৌশলীর অফিস থেকে সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীনগর থানায় আজ রোববার (১৯ এপ্রিল) লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম সহকারী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে অফিস কক্ষ ত্যাগ করেন। এর কয়েক মিনিট পর অফিসে অবস্থানরত এক ব্যক্তি প্রকৌশলীর কক্ষে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যে তিনি ফাঁকা কক্ষ থেকে একটি এইচপি ব্র্যান্ডের সরকারি ল্যাপটপ সাদা ব্যাগে ভরে দ্রুত সেখান থেকে চলে যায়। ঘটনাটি অফিসের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম জানান, চুরি হওয়া ল্যাপটপে এলজিইডি অফিস সংশ্লিষ্ট রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন অফিস শেষে পিয়ন ভুলবশত কক্ষ তালাবদ্ধ না করায় অভিযুক্ত ব্যক্তি ওই সুযোগে অফিসে প্রবেশ করে ল্যাপটপটি নিয়ে যান। এরপর একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ল্যাপটপ ফেরত দিতে অস্বীকৃতি জানান।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ