পাওনা টাকা নিয়ে বিরোধে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে এলোপাতাড়ি কুপিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় দিয়া আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটে। আহত মৌসুমী (৩৫), মুয়াজ (১৫) ও জয়াকে (১২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহ নামে এক ব্যক্তির কাছে টাকা পাওনা ছিলেন। সেই টাকা আদায়ের জন্য ভোরে নবীউল্লাহর বাসায় যান মুসা। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে নবীউল্লাহ উত্তেজিত হয়ে আবু মুসাকে কুপিয়ে জখম করেন। এর প্রতিশোধ নিতে আবু মুসা উত্তেজিত হয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন। এ সময় তাদের মেয়ে দিয়া আক্তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এরপর নবীউল্লাহর অন্য দুই সন্তান জয়া ও মুয়াজকেও কুপিয়ে আহত করেন মুসা।
আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক দিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত আবু মুসাও আহত অবস্থায় পুলিশি পাহারায় একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি বিস্তারিত জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক