জামালপুরে ৩৬০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
জামালপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিন হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক লাখ ৩৫ হাজার টাকাসহ দুই যুবককে আটক করেছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বামুনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক যুবকরা হলেন আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকার মো. আল আমিন শিলু (৪২) ও সিয়ানপাড়া এলাকার মো. আইয়ুব আলী (৪৮)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক খসরু আল মামুন জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বামুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার একটি বাসায় শিলু ও আইয়ুব আলীর দেহ তল্লাশি করে আইয়ুব আলীর প্যান্টের পকেট থেকে ৪০০ পিস ও ঘর থেকে তিন হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তাদের কাছে থাকা এক লাখ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন সেটও জব্দ করা হয়। জব্দ করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ টাকা।
এ বিষয়ে এখনও মামলা হয়নি। তবে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক খসরু আল মামুন।

আসমাউল আসিফ, জামালপুর
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)