কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম সায়ফা আক্তার।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। সায়ফা ওই গ্রামের শাহিন মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে চোখের পলকে সায়ফা নিখোঁজ হয়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে এবং একপর্যায়ে বাড়ির আঙ্গিনার কাছেই পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বনশ্রী বনিক চৈতি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সামনে বর্ষাকাল, আমাদের শিশুদের প্রতি আরও যত্নশীল ও সতর্ক হতে হবে।

ভজন দাস, নেত্রকোনা