জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রাইসা (৪) ও ফারিহা (৩) নামে মামাতো ও ফুপাতো বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- রহমত আলীর মেয়ে রাইসা ও রহমত আলীর ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে ফারিহা।
নিহতদের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, গত এক মাস আগে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের মেয়ে লিপি আক্তার মেয়ে ফারিহাকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। দীর্ঘদিন ধরেই তিনি বাবার বাড়িতে ছিলেন। শুক্রবার বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এ সময় তারা বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায়।
পুকুরপাড়ের কাছাকাছি গেলে অসাবধানবশত দুজনই পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে দীর্ঘ সময় তারা বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে রাইসাকে ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে গেলে প্রথমে রাইসাকে উদ্ধার করা হয়। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় ফারিহাকেও উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুদের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়