হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর থানার মাসুদ হোসাইন হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
আজ সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
এর আগে গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করে জনতা ও কিছু শিক্ষার্থী। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপরে তাকে গত ৩০ মার্চ গুলশান থানার ইমরান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীরা মিছিল করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন নামে এক ব্যক্তি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক জটিলতা দেখা দিলে অস্ত্রোপচারও করতে হয়। ঘটনার পর গত বছরের ১০ জুলাই মাসুদ হোসাইন রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে।

আদালত প্রতিবেদক