ডিজিএফআইয়ের সাবেক পরিচালক নাছের ৬ দিনের রিমান্ডে
রাজধানীর মিরপুর থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও সেনাবাহিনীর বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরের ছয় দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।
এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন আসামিকে হাজির করে সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে, গত রোববার গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। এ সময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়। তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের জুলাইয়ে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়।
গত বুধবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। মিরপুর থানার একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে শেখ মামুন খালেদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি সূত্রে জানা গেছে।

আদালত প্রতিবেদক