সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ফের রিমান্ডে
রাজধানীর মিরপুর থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম এ আদেশ দেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন আসামিকে হাজির করে পাঁচ দিন রিমান্ড নিতে আবেদন করেন।
আদালতের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৭ এপ্রিল ঢাকার সিএমএম আদালত আসামিকে তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ওই রিমান্ড শেষ হওয়ার পর আজ তাকে পুনরায় রিমান্ড নিতে আবেদন করা হয়। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। এ সময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়। তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৫ সালের জুলাইয়ে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়।

আদালত প্রতিবেদক