খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র (গণতান্ত্রিক) সংগঠক নীতিদত্ত চাকমা (৪০) নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমরজ্যোতি চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই ঘটনার জন্য তাদের রাজনৈতিক প্রতিপক্ষ দল প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ-কে দায়ী করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী এপ্রিলে পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব ‘বিজু-সাংগ্রাই-বৈসু-বিহু’ উপলক্ষে সুতাকর্মপাড়া এলাকায় একটি মেলার আয়োজন করা হচ্ছিল। আজ সকালে নীতিদত্ত চাকমা মেলার প্রস্তুতি দেখতে গেলে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি ব্রাশফায়ার করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাম্পী চাকমা জানান, নীতিদত্ত চাকমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত নীতিদত্ত চাকমার গ্রামের বাড়ি পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নে। জানা গেছে, তিনি আগে মূল ইউপিডিএফ’র সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে সেই দল ত্যাগ করে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এ যোগ দেন এবং পানছড়ি উপজেলার সংগঠকের দায়িত্ব পান। এই দলবদলই তার ওপর হামলার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ইউপিডিএফ’র জেলা সংগঠক অংগ্য মারমা এই হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটে থাকতে পারে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ফেরদৌস জানান, লোকমুখে গুলির খবর পেলেও এখনও থানায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি