বাঘাইছড়িতে সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়ল বিজিবি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্দেহজনক তিনটি ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে ২৭ বিজিবির মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর ড্রোনগুলো দেখতে পেয়ে এ পদক্ষেপ নেওয়া হয়।
২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব বলেন, শুক্রবার রাতে হঠাৎ জোনের হেলিপ্যাডের ওপর তিনটি সন্দেহজনক ড্রোন উড়তে দেখা যায়। এ সময় আশপাশের সব বিওপি ক্যাম্পকে সতর্ক করা হয়। পরে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের (পিএসসি) নির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলির পর ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে দূরে সরে যায়।
বিজিবি কর্মকর্তাদের ধারণা, পাহাড়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে অজ্ঞাত কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ জন্য সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ফজলে এলাহী, রাঙামাটি