কালিগঙ্গায় গোসল করতে নেমে চাচাতো ভাইবোনের মৃত্যু
মানিকগঞ্জ সদর উপজেলায় কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজারের পুরাতন ট্রলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চাচাতো ভাইবোন হলেন হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজাহার মিয়ার ছেলে মোহাম্মদ আকাশ মিঞা (১৮) ও মৃত শুকুর আলীর মেয়ে মোছাম্মৎ সাদিয়া আক্তার (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোসল করতে নেমে হঠাৎ করেই দুজন পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে প্রায় ৩০ মিনিট পর ছেলেটিকে এবং প্রায় ৪৫ মিনিট পর মেয়েটিকে নদী থেকে উদ্ধার করে।
গুরুতর আহত অবস্থায় তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, প্রথমে একজনকে উদ্ধার করা হয়, অপরজন নিখোঁজ ছিল। পরে তাকেও উদ্ধার করা হলে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় নিহতদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ