ডেঙ্গুতে চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষকের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষক মোহাম্মদ ফয়সাল শেখ (৪৫) মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তার জেঠাতো ভাই শেখ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফয়সাল শেখ চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী এলাকার ডা. আব্দুল লতিফ শেখের বাড়ির মৃত মোহাম্মদ শেখের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে ও হিফজ মাদ্রাসায় অধ্যয়নরত সাত বছর বয়সী এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে ফয়সাল শেখকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর পুরান বাজার পশ্চিম শ্রীরামদীর শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ফয়সাল শেখের মৃত্যুতে চাঁদপুর পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শরীফুল ইসলাম, চাঁদপুর