পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ির সামনের পুকুরে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ৭ নম্বর টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো মোহাম্মদ আলীর কন্যা রাইসা (৪), রহমত আলীর ছেলে রায়হান (৩)। তারা সম্পর্কে মামাতো-খালাতো ভাইবোন। তাদের নানা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার মো. লুৎফর রহমান।
শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ৭ নম্বর টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রহমান সরকার বলেন, বাড়ির সামনের খাড়া পাড়বিশিষ্ট পুকুরে পড়ে তারা মারা যায়। এর আগে শিশু দুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেলের দিকে পুকুরে প্রথমে একটি শিশুর মরদেহ ভেসে ওঠে। এরপর সেখান থেকেই অপর শিশুটির মরদেহও উদ্ধার করা হয়।
চেয়ারম্যান আরও বলেন, পুকুরের পাশে একটি জলপাই গাছ রয়েছে। ধারণা করা হচ্ছে—শিশুরা জলপাই সংগ্রহ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হতে পারে।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)