ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন আওয়ামী লীগ নেতা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে বড় ভাই ও আওয়ামী লীগ নেতা ডা. গোলাম কবিরের বিরুদ্ধে। আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মিন্টু ডা. গোলাম কবিরের আপন ছোট ভাই।
অভিযুক্ত ডা. গোলাম কবির ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডা. গোলাম কবিরের সঙ্গে তার ভাই-বোনদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ চলছিল। এই সমস্যা সমাধানে ফরিদপুর জেলা প্রশাসন একাধিকবার মধ্যস্থতার চেষ্টা করলেও কোনো সুরাহা হয়নি। আজ সকালে এই বিরোধের জেরে ভাইদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ডা. গোলাম কবির উত্তেজিত হয়ে তার লাইসেন্সকৃত শর্টগান দিয়ে ছোট ভাই মিন্টুর মাথায় একাধিক গুলি করেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই উপস্থিত জনতা ডা. গোলাম কবিরকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তানভীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ডা. গোলাম কবিরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সঞ্জিব দাস, ফরিদপুর