স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। একই মামলায় অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামালপুর সদর উপজেলার পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের মো. ফারুক হোসেন, মুনছুর আলী এবং একই গ্রামের ফেরদৌস হোসেন।
অপরদিকে, একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
মামলাটিতে চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন। আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেন এবং অপর এক আসামিকে খালাস দেন।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)