জ্বালানি তেল পাচার রোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তল্লাশি
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতাকে পুঁজি করে সীমান্ত দিয়ে ভারতে তেল পাচার ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) উদ্যোগে জেলার বিভিন্ন পেট্রোল পাম্প, প্রধান সড়ক ও ভারতীয় এলসির ট্রাকে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা গেছে, অধিক মুনাফার আশায় একটি অসাধু চক্র সীমান্ত পথে জ্বালানি তেল পাচারের চেষ্টা করতে পারে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৭ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌরশহরের বিভিন্ন ফিলিং স্টেশন, জেলা শহর থেকে পাঁচটি উপজেলায় যাওয়ার প্রধান সংযোগ সড়ক এবং সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।
২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, জ্বালানি তেল পাচারসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। যে যে রুট দিয়ে তেল পাচারের সম্ভাবনা রয়েছে, সেসব এলাকায় আমরা নিয়মিত তল্লাশি চালাচ্ছি।

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ