তেলের সংকট নেই, আরও দুটি ভেসেল আসছে : জ্বালানি মন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। আরও দুটি ভেসেল আসছে। পাম্পে অযথা ভিড় করবেন না। আগামীকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তাই অযথা উদ্বিগ্ন হয়ে কেউ যেন তেল মজুত না করেন।
আজ শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যে সংশয়টি জনগণের তৈরি হয়েছে, আমরা সেটাকে অস্বাভাবিকভাবে দেখছি না। কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফলে একটা দুশ্চিন্তা বিরাজ করছে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। অযথা লাইন ধরবেন না। আমাদের কাছে যথেষ্ট মজুত রয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, গত কয়েকদিনে আমরা কয়েকগুণ বেশি তেল সাপ্লাই দিয়েছি। ক্রেতারা স্বীকার করেছেন, তারা বেশি করে তেল নিচ্ছেন। এই আতঙ্ক দূর করতে হবে। সবাইকে বলতে চাই, জনগণের দুর্ভোগ কমানোর জন্য সরকার যথেষ্ট সচেষ্ট আছে।
জ্বালানি মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পেয়েছে। ফলে এটি একটা চাপ তৈরি করছে। স্বাভাবিকভাবেই আমাদের সমন্বয়ে যেতে হবে। আমরা চেষ্টা করব দাম না বাড়াতে।

নিজস্ব প্রতিবেদক