ময়মনসিংহ বিভাগে অদম্য নারী পুরস্কার পেলেন পাঁচ নারী
তৃণমূলের সংগ্রামী ও সফল নারীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ময়মনসিংহ বিভাগের পাঁচ নারীকে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান করেছে।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নূরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে উম্মে রাকিবা জাহান, সফল জননী হাসনা হেনা বারী, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে সাফল্য অর্জনকারী নাসরিন বেগম ও সমাজ উন্নয়নে অবদান রাখায় তাহমিদাকে অদম্য নারীর সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে ময়মনসিংহ নগরীর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেতের সভাপতিত্বে বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার সালাহউদ্দিন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা।

আইয়ুব আলী, ময়মনসিংহ