ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ও ডিজেলচালিত মাহিন্দ্র ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আলীরমোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন–রফিকুল ইসলাম ভাসানী (৩৫) ও হাসান আলী (৩৫)।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি মো. মনির হোসেন বলেন, শনিবার রাতে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থেকে একটি ভুসিবোঝাই ডিজেলচালিত মাহিন্দ্র ট্রাক্টর ঠাকুরগাঁও জেলা হয়ে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলায় যাচ্ছিল। একই সময় ঠাকুরগাঁও সদরের সালন্দর ইউনিয়নের আলীর মোড় থেকে চৌধুরীহাটে একটি মোটরসাইকেলটি যাচ্ছিল। পথে আলীর মোড় এলাকার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে মোটরসাইকেলটি উঠলে মাহিন্দ্র ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম ভাসানী ও ট্রাক্টরের হেলপার হাসান আলী নিহত হন।
মনির হোসেন বলেন, ঘটনার পরপরই ডিজেলচালিত মাহিন্দ্র ট্রাক্টরের চালক পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)