চাঁপাইনবাবগঞ্জে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত, মহাসড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতের কোনো এক সময় হরিপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা গ্রামের তৈমুর রহমানের ছেলে নজরুল ইসলাম মারা যান। সকালে মহাসড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ