রাজবাড়ীতে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য (এমপি) আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজবাড়ীতে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর আজই তিনি প্রথমবারের মতো নিজ জেলায় আগমন করেন।
শনিবার দুপুরে রাজবাড়ী সার্কেট হাউজে এসে পৌঁছলে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে রাজবাড়ী আটাশ কলোনী কবরস্থানে স্ত্রী-সন্তানসহ দলীয় কর্মীদের নিয়ে বা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করেন তিনি।
এদিকে, প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় আসায় উচ্ছ্বাসিত নেতাকর্মীরা সড়কের বিভিন্ন স্থানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আগামীকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় কমিটির সভায় অংশ নেবেন তিনি।
রাজবাড়ী জেলা ওলামা দলের আহ্বায়ক আইয়্যুব আনসারী বলেন, রাজবাড়ীতে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সংসদ সদস্য (এমপি) হবার পর মন্ত্রী হবেন, এটা আমাদের প্রত্যাশা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেছেন, তাই তাকে ধন্যবাদ জানাই। আশা করি, আমাদের জেলার উন্নয়ন আশানুরূপ হবে। আজ প্রতিমন্ত্রী প্রথম রাজবাড়ীতে এসেছেন, আমরা নেতাকর্মীরা খুব আনন্দিত ও উছ্বাসিত।
রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট বলেন, দীর্ঘ সময় পর রাজবাড়ীতে আমরা প্রতিমন্ত্রী পেয়েছি। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আমাদের রাজবাড়ী-১ আসনের এমপি হিসেবে শপথ গ্রহণের পর প্রতিমন্ত্রী হয়ে আজ রাজবাড়ীতে এসেছেন, আমরা আনন্দিত। রাজবাড়ীর উন্নয়নের রূপকার হিসেবেই তিনি আমাদের জেলার উন্নয়ন করবেন।

মো. কবির হোসেন, রাজবাড়ী