বাংলাদেশে সাংস্কৃতিক বিপ্লব হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বাংলাদেশে একটি সাংস্কৃতিক বিপ্লব হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, এই সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে হিন্দু, মুসলমান, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চাই। একই সঙ্গে একটি সুস্থ, সাবলীল ও গণমুখী সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) সকালে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, দেশে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সমান অধিকার নিয়ে শান্তিতে বসবাস করবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত পালিতব্য নজরুল বর্ষে শিক্ষার্থীসহ সবাইকে কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শন সম্পর্কে জ্ঞানচর্চায় মনোনিবেশ করতে হবে। নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।
এর আগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে গিয়ে শেষ হয়।
পরে আজাদী ময়দানে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শনভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা অ্যাক্রোবেটিক প্রদর্শনী উপভোগ করেন।

মো. কবির হোসেন, রাজবাড়ী