জাবি ছাত্রীকে নির্যাতন : সাবেক প্রেমিকের বিরুদ্ধে মামলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে বুধবার (২৫ ফেব্রুয়ারি) আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী এস এম তারিকুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়। পুলিশ বলছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, “ভুক্তভোগী ওই শিক্ষার্থী জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে পুলিশের সহযোগিতা চান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ওই ছাত্রী তাঁকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের বিষয় উল্লেখ করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা করছি।”
ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর বিভাগের একজন শিক্ষক জানান, এক সাবেক ছাত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ভুক্তভোগী ছাত্রী। পরে তা ভেঙে যায়।
গত মঙ্গলবার ওই সাবেক ছাত্র ভুক্তভোগীর হলের সামনে গিয়ে কথা বলার জন্য বাসায় যেতে জোরাজুরি করেন। এক পর্যায়ে তাঁকে ব্ল্যাকমেল করে বাসায় নিয়ে যান।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তখন তার মুখ টেপ দিয়ে আটকে তাঁকে শারীরিক নির্যাতন ও হাতে গরম পানি ঢেলে দেওয়া হয়। পরে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ওই ছাত্র চলে যান। নির্যাতনের শিকার ওই ছাত্রী ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন জানান, ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

জাহিদুর রহমান