কাউখালীতে চোলাই মদসহ যুবক আটক
কাউখালী উপজেলার বেতবুনিয়াতে ৭৪ লিটার চোলাই মদসহ সাজ্জাদুল ইসলাম ইমন (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে চোলাই মদ পাচারকালে তাকে আটক করা হয়।
কাউখালী থানা পুলিশ জানায়, এ সময় চোলাই মদ পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
আটক করা সাজ্জাদুলের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর পাইন্দা গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্ততে এসআই (নিরস্ত্র) সোহেল মোল্লা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালান। দুপুর আড়াইটায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পশ্চিম মনাইপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ৭৪ লিটার চোলাই মদ পাওয়া যায়। পরে সিএনজিচালিত অটোরিকশাচালক সাজ্জাদুল ইসলাম ইমনকে আটক করা হয়। জব্দ করা হয় পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিও।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দিব না। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

জয়নাল আবেদীন, রাঙামাটি (কাউখালী-নানিয়ারচর)