ছেলেকে হত্যার পর পুলিশের কাছে বাবার আত্মসমর্পণ
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বাবা। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন এবং প্রায়ই বাবা-মাকে মারধরসহ এলাকাবাসীর সঙ্গে খারাপ আচরণ করতেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে শুভ তার বাবার কাছে তিন লাখ টাকা দাবি করে বসতঘর ভাঙচুর করেন। সন্ধ্যায় বাজার থেকে একটি দা কিনে বাড়িতে নিয়ে এসে টাকা না দিলে বাবা-মাকে জবাই করার হুমকি দেন। এ অবস্থায় বারেক খানের পরামর্শে তার স্ত্রী খুশি বেগম রাতে অন্য ঘরে ঘুমান। পরে ভোরে বারেক খান ঘুমন্ত অবস্থায় ছেলে শুভকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন এবং নিজেই পুলিশকে বিষয়টি জানান।
ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত মেহেদী হাসান শুভ মাদকাসক্ত ছিলেন এবং তার ভয়ে পরিবারসহ এলাকাবাসী অতিষ্ঠ ছিল। বাবা-মাকে হত্যার হুমকি দেওয়ায় চরম আতঙ্ক থেকে বাবা এই চরম পথ বেছে নিয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং নিহতের বাবা আব্দুল বারেক খানকে (৫৫) গ্রেপ্তার দেখানো হয়েছে।

কে এম সবুজ, ঝালকাঠি