তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্রপ্রার্থী
ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানী মাঠে নির্বাচনি জনসভায় তারেক রহমানের উপস্থিতিতে তাঁকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কাজী এনায়েত উল্লাহ।
এরপর আগামী নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দেশ পুনর্গঠনের সুযোগ চেয়ে তাঁর বক্তব্যে বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নারী-পুরুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। বাংলাদেশের মানুষই তো স্বৈরাচার বিদায় করেছে। দেশের মানুষই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাহলে আমরা কেন দেশ পুনর্গঠন করতে পারব না। অবশ্যই পারবো।
তারেক রহমান আরও বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আছে। আগামী ১২ ফেব্রুয়ারি মানুষের সমর্থন পেয়ে সরকার গঠন করতে পারতে পারলে দেশ পুনর্গঠনের কাজে হাত দিবো। খালেদা জিয়াকে জেল-জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। আমি সন্তান হিসেবে জানি উনি বিদেশে যেতে চাইলে ভালো থাকতেন। কিন্তু তিনি বলেছেন, এই দেশ আমার শেষ ঠিকানা। দেশের মানুষই আমার পরিবার। এই পরিবার ছেড়ে আমি কোথাও যাব না।
তারেক রহমান আরও বলেন, দেশের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট দিন। বিএনপিকে সুযোগ দিন। আপনাদের সাথে নিয়ে দেশ পুনর্গঠন করব। দেশ যেহেতু আমাদের সেহেতু আমাদের গড়ে তুলতে হবে। নিজের ঘর যেমনি করে সামলে রাখতে হয়। তেমনি দেশকেও আমাদের নিজেদের সামলে রাখতে হবে।

নিজস্ব প্রতিবেদক